স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের মধ্যে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশবাসীর বহুদিনের প্রত্যাশিত এ নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা একান্তভাবে কাম্য।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে ড. ইউনূস বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তাদের ভূমিকা আমি অত্যন্ত প্রশংসা করি।
এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরকিয়ে, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, অর্জিত জ্ঞান ভবিষ্যতে দায়িত্ব পালনে এবং জাতীয় সংকটে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
এক বাংলাদেশি অফিসার বলেন, ডিএসসিএসসি–তে নেতৃত্ব, কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে যে অভিজ্ঞতা পেয়েছি, তা আমাদের যে কোনো জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।
আরেক অফিসার বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত সময়োপযোগী। দেশ রক্ষায় এবং প্রয়োজনে জাতীয় গুরুত্বপূর্ণ কাজে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা রাখতে আমরা প্রস্তুত।
চীনের একজন অফিসার বলেন, বাংলাদেশের এই সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি