স্টাফ রিপোর্টার: সরকারের একজন উপদেষ্টার ইশারায় তাকে আটক করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেল।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
সোহেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়েছে। গত রাত ১২টার দিকে ডিবি প্রধান আমার সঙ্গে কথা বলবেন—এই অজুহাতে ৫-৬ জন ডিবি সদস্য জোর করে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে এনে আসামির খাতায় নাম লেখা হয়। জুতা-বেল্ট খুলে গারদে সাধারণ আসামিদের সঙ্গে আমাকে রাখা হয়। কিন্তু কেন আটক করা হলো—তা আমি যেমন জানতাম না, তেমনি যারা তুলে এনেছিলেন তারাও কিছু বলতে পারেননি।’
তিনি আরও লেখেন, ‘দীর্ঘ সময় পর বুঝতে পারলাম, সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসার সুযোগ দিতে আমাকে আটক করা হয়েছিল। আমার সহকর্মী আবু সাঈদ পিয়াসকেও আটক করা হয়; তিনি এখনো ডিবি কার্যালয়ে আছেন। আজ এনইআইআর নিয়ে বিজনেস কমিউনিটি বাংলাদেশ–এর প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। আমি সেখানে ছিলাম মিডিয়া পরামর্শক। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। কিন্তু যেটা তারা বন্ধ করতে চেয়েছিল, সেটাই এখন দেশের সবাই জানে।’
এনইআইআর প্রসঙ্গে সোহেলের অভিযোগ, ‘দেশের মুক্তবাণিজ্য নীতির সঙ্গে এনইআইআর স্পষ্ট সাংঘর্ষিক। মাত্র ৯ জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে ২৫ হাজার মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষ, প্রবাসীসহ বহু গ্রাহক বিপদে পড়বেন। আর এই ৯ জনের একজন সেই উপদেষ্টার স্কুল-বন্ধু।’
তিনি প্রশ্ন তোলেন, ‘একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধু প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে তুলে নিতে হলো? যারা মুখে বাকস্বাধীনতার কথা বলেন, তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে চাইছেন? এ কি তবে আমাদের বাস্তবতা?’
তিনি আরও লেখেন, ‘আমাকে আটক করার খবর জানাজানি হতেই বহু সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী উদ্বিগ্ন হয়ে পড়েন, বিবৃতি দেন, সংবাদ প্রকাশ করেন। তাদের সমর্থন ও আওয়াজের কারণেই আমি দ্রুত মুক্তি পেয়েছি বলে বিশ্বাস করি। সবার প্রতি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি। বুধবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসসি