রিপোর্টার্স২৪ ডেস্ক: চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও নীতিনির্ধারণী অংশীদারের সঙ্গে আলোচনা জোরদার করতেই তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কমনওয়েলথ জানায়, ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে মহাসচিবের এই কর্মব্যস্ত সফর। নির্বাচনপূর্ব পরিবেশ, শান্তি-স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন- এসব ইস্যুতে বাংলাদেশকে কীভাবে আরও কার্যকরভাবে সমর্থন করা যায়, সে বিষয়েই মূলত আলোচনা হবে।
সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিদেশি হাইকমিশনার ও অন্যান্য কূটনৈতিক প্রতিনিধি।
এছাড়া, শার্লি বচওয়ে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করবেন, যার অন্যতম ভিত্তি গণতন্ত্র শক্তিশালীকরণ। বাংলাদেশের জন্য কোন ধরনের সহযোগিতা সবচেয়ে কার্যকর হবে, সেটি নির্ধারণ করতেও তিনি বিভিন্ন মহলের মতামত নেবেন।
ঢাকায় আসার আগে এক বিবৃতিতে মহাসচিব বচওয়ে বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ কমনওয়েলথের গুরুত্বপূর্ণ সদস্য। বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে বুঝতে চান এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে বাংলাদেশ-কমনওয়েলথ সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ বাংলাদেশের পাশে থাকবে।
গত মাসে প্রাক-নির্বাচনি মূল্যায়ন দল বাংলাদেশ সফর করার পর মহাসচিবের এই সফরকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। দলটি তখন দেশের রাজনৈতিক ও নাগরিক অংশীদারদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল।
শার্লি বচওয়ের এ সফরকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতির সময় বাংলাদেশে আন্তর্জাতিক আগ্রহ আরও একধাপ বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
রিপোর্টার্স২৪/আরকে