রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি পুলিশের প্রতি অসদাচরণ করা হলে কঠোরভাবে আইন প্রয়োগের আভাস দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ যখন অরাজকতা প্রতিহত করার চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।
কমিশনার আরও বলেন, আমরা সংঘাতে জড়াতে চাই না আমরা সেবা দিতে চাই। কিন্তু যারা ককটেল ছুড়ে বা অন্য কোন ধরনের দুর্বৃত্তায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ এই কাজটি করবেন না। তিনি উল্লেখ করেন, পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক এবং এতে অফিসারদের মনোবল ক্ষতিগ্রস্ত হয়।
শেখ সাজ্জাত আলী জানান, যারা পুলিশ কার্যক্রমের সঙ্গে আইন ভঙ্গ করছেন, তাদের ওপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুলির নির্দেশনার বিষয়ে তিনি স্পষ্ট করেছেন, এটি পুলিশের নয়, দেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।
সঙ্গে সঙ্গে তিনি ডিবি সাইবার সাপোর্ট সেন্টার-এর গুরুত্বও তুলে ধরেন। নতুন সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিযুক্ত ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স টিম। নাগরিকরা সরাসরি ফেসবুক, ইমেইল ও ডিবি অনলাইন চ্যানেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।
কমিশনার বলেন, অনলাইন জালিয়াতি, প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এবং অনলাইন গ্যাম্বেলিং এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরও জানান, নারী ও কিশোরদের সুরক্ষা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকারদের দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই কেন্দ্রের অন্যতম অঙ্গীকার। একই সঙ্গে তিনি নাগরিকদের সচেতন হওয়ার ওপর জোর দিয়ে বলেন, সাইবার নিরাপত্তা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।
ডিএমপি কমিশনারের এই সতর্ক বার্তা নাগরিকদের সচেতন করার পাশাপাশি পুলিশের প্রতি আস্থা বাড়ানো এবং দেশের নিরাপদ পরিবেশ নিশ্চিতের এক গুরুত্বপূর্ন পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম