রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেরিং টোবগে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বি-পক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকের আগে তিনি প্রতিনিধিদলের সঙ্গে একান্ত আলাপও করতে পারেন। দ্বি-পক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া খাতে সহযোগিতা প্রসারিত করার বিষয়গুলি আলোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী সফর শেষে আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
রিপোর্টার্স২৪/ঝুম