রিপোর্টার্স২৪ডেস্ক: আগামী ২৭ নভেম্বর দেশের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা, মাঠপর্যায়ের প্রস্তুতি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, নির্বাচন-সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়– এসব বিষয়েই মূলত আলোচনা হবে।
আগের কয়েক দফা বৈঠকে নিরাপত্তা সংস্থাগুলো তাদের প্রস্তুতি তুলে ধরলেও কমিশন আরও সুসংহত পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন চায় বলে জানা গেছে।
ইসির একজন কর্মকর্তা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভরসা হচ্ছে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচনের সময় কোনো পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সে লক্ষ্যে আগেই সমন্বয় বাড়াতে চায় কমিশন।
প্রয়োজনে এ বৈঠকে অতিরিক্ত নির্দেশনা ও বিশেষ পরিকল্পনা দেওয়া হতে পারে বলেও সূত্র জানায়।
রিপোর্টার্স২৪/বাবি