রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন দুটি টার্মিনাল বিদেশি দুই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্ল্যাটফরম বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, টার্মিনাল দুটির পরিচালন চুক্তি অস্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। যে দ্রুততা ও অস্পষ্টতার মাধ্যমে চুক্তি হয়েছে, তাতে বাংলাদেশ সম্ভাব্য সুফল থেকে বঞ্চিত হতে পারে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে খুলনায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব মন্তব্য করেন। নগরীর হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত সভায় নির্বাচন ও উন্নয়ন ইস্যুতে তিনি উদ্বেগ ও পরামর্শ তুলে ধরেন।
দেবপ্রিয় বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা রাখতে হবে। জনগণের মনে থাকা শঙ্কা ও ভীতি দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। ভোটার আস্থা ছাড়া কোনো নির্বাচনই গণতান্ত্রিক রূপ পায় না; তাই মুক্ত আলোচনা, স্বচ্ছতা ও সততার ভিত্তিতে আস্থা ফিরিয়ে আনা জরুরি।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা বহুদিন আলোচিত হলেও বাস্তব অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। পদ্মা সেতু চালুর পর প্রত্যাশিত অর্থনৈতিক গতি আসেনি; জমির দাম বাড়লেও কর্মসংস্থান বা শ্রমিকের ন্যায্য মজুরি বাড়েনি।
সভায় নাগরিক নেতারা নিরাপদ সড়ক, শিল্পোন্নয়ন, পলিথিন ও প্লাস্টিক বর্জন, সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন দাবি তুলে ধরেন। সমাপনী বক্তব্য দেন সিপিডির ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন এবং এনসিপির ডা. আব্দুল্লাহ চৌধুরী প্রমুখ।
রিপোর্টার্স২৪/বাবি