| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলি অমান্য ও দীর্ঘ অনুপস্থিতি: কাস্টমস কর্মকর্তা লুৎফুল কবির বহিষ্কৃত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ২১:৫৮:২৫:অপরাহ্ন  |  ১২১৫০৯৮ বার পঠিত
বদলি অমান্য ও দীর্ঘ অনুপস্থিতি: কাস্টমস কর্মকর্তা লুৎফুল কবির বহিষ্কৃত

রিপোর্টার্স২৪ডেস্ক: সরকারি বিধি ভঙ্গ, বদলি আদেশ অমান্য এবং কর্মস্থলে দীর্ঘ অননুমোদিত অনুপস্থিত থাকার অভিযোগে কাস্টমসের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪ সালের ২৮ অক্টোবর লুৎফুল কবিরকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) থেকে যশোরে বদলি করে এবং একই দিনে ঢাকা (দক্ষিণ) কমিশনারেট তাকে অবমুক্ত করে। কিন্তু তিনি আদেশ অমান্য করে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকেন।

পরে তিনি ছুটির আবেদন করলেও তা বিধিবহির্ভূতভাবে ব্যাকডেট দিয়ে অধীনস্থ কর্মচারীর মাধ্যমে রেজিস্টারে গ্রহণ করান। ছুটি অনুমোদিত না হওয়া সত্ত্বেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি। বিষয়টি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ২(খ)(অ) ও ২(চ) বিধির গুরুতর লঙ্ঘন হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা গ্রহণ করা হয়। এ কারণে ২০২৫ সালের ২ মার্চ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযোগনামা জারির পর লুৎফুল কবির লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানিতে অংশ নেন। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন ১৫ জুন ২০২৫ তারিখে প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত বলে উল্লেখ করেন। পরে তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি জবাব দিলেও তা অসন্তোষজনক বিবেচিত হয়।

পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত গ্রহণ এবং সব রেকর্ড পর্যালোচনার পর লুৎফুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৪(৩)(ঘ) অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্ত’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪