রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার প্রধানদের সঙ্গে সমন্বয় সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচনের বিভিন্ন কাজে নিয়োগ, পরিকল্পনা, আন্তঃসমন্বয় এবং দিকনির্দেশনা বিষয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।
ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, সভায় মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসী কল্যাণসহ সরকারের মোট ৩৪টি মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি