রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাসহ সারাদেশে অনুভূত ভয়াবহ ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের জন্য কন্ট্রোল রুম চালু করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে আঘাত হানা ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।
এতে বলা হয়, ভূমিকম্পের পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। দ্রুত প্রতিবেদন তৈরি করে তা জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে জরুরি ভিত্তিতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ভূমিকম্প সংশ্লিষ্ট কোনো গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
রিপোর্টার্স২৪/আয়েশা