রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুক এয়ারের একটি বিশেষ উড়োজাহাজে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন। রানওয়েতে নেমেই তাকে লাল গালিচায় স্বাগত জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আগমন পর্বের আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। আলোচনায় প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে ঘটে যাওয়া ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে নেওয়া হয় অস্থায়ী অভিবাদন মঞ্চে, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়—যা তাঁর সফরের প্রতি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের প্রতীক।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন এবং স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দর্শনার্থীদের বইতেও স্বাক্ষর করবেন।
সফরসূচি অনুযায়ী, আজ বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে দু’নেতার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
দিনের শেষ ভাগে প্রধানমন্ত্রী শেরিং টোবগে তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন। সফরের গুরুত্ব বিবেচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় উঠবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম