রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পৌঁছানোর পর তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংক্ষিপ্ত বৈঠকের পর প্রধানমন্ত্রী টোবগেকে সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করার কর্মসূচি রয়েছে তার।
সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরের সময় ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশে বসবাসরত ভুটানি সম্প্রদায়ের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।
ভুটান জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সুযোগ তৈরি হবে, যা দুই দেশের জন্যই পারস্পরিক সুবিধা নিশ্চিত করবে।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে সরকারপ্রধান, শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/আরকে