রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এ নির্বাচন দেশের গণতন্ত্রের নতুন সূচনা ঘটাবে। তিনি জানান, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে তিনি স্বীকার করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর অপব্যবহার রোধ করা আসন্ন নির্বাচনের বড় চ্যালেঞ্জ।
নির্বাচন কমিশনার আরও জানান, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এই নির্বাচনে অংশ নিয়ে একটি ঐতিহাসিক প্রক্রিয়ার অংশীদার হবেন।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের তারিখ ঘোষণা করতে প্রায় ৬০ দিন সময় রেখেই তফসিল ঘোষণা করা হবে। সানাউল্লাহ জানান, দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহে তা ঘোষণা হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম