রিপোর্টার্স২৪ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের একটি বৈঠক করেন দুই নেতা। পরে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বেলা ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শেরিং তোবগের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজেও তিনি অংশ নেবেন।
রিপোর্টার্স২৪/ঝুম