স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রো রেলের লাইনে ড্রোন পতিত হওয়ায় চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড। শনিবার (২২ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রো রেল লাইনের ওপর ড্রোন পতিত হওয়ায় মেট্রো রেল চলাচল সাময়িক বিঘ্ন ঘটে। ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় নয় মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
তিনি বলেন, ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।
উল্লেখ্য, এর আগে থেকেই মেট্রোরেলের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মেট্রো লাইনের আশপাশের এক কিলোমিটার এলাকার মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন কিংবা অনুরূপ কোনো বস্তু ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে ডিএমটিসিএল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইনের মাধ্যমে মেট্রো ট্রেন চালিত হয়। ফলে এসব উড়ন্ত বস্তুর সুতা, কাঠামো বা অবশিষ্টাংশ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
এই কারণে মেট্রো লাইনের আশপাশে এমন ঝুঁকিপূর্ণ কিছু ওড়ানো হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ধ্রুব