রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা ক্ষমতায় থাকার সময় টিএফআই-জেআইসি সেলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে টিএফআই সেলে গুমের মামলার শুনানি হবে আগামী ৩ ডিসেম্বর, আর জেআইসি সেলের মামলার শুনানি ৭ ডিসেম্বর।
রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষে শুনানিতে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ অন্যরা।
১৩ সেনা কর্মকর্তাকে প্রিজনভ্যানে করে হাজির
সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুই মামলায় পৃথকভাবে শুনানির নতুন দিন ঠিক করা হয়।
গ্রেপ্তার সেনা কর্মকর্তারা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।
ট্রাইব্যুনাল চত্বরে সকাল থেকেই বাড়ানো হয় নিরাপত্তা। সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে পুলিশ, র্যাব ও বিজিবির ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দুই মামলায় মোট আসামি ৩০ জন
এই দুই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে টিএফআই সেলে বন্দি রেখে গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ, ও র্যাব-সেনাবাহিনীর আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।
অন্যদিকে, জেআইসি বা ‘আয়নাঘর’ সেলে গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় মামলায় আসামি ১৩ জন। এ তালিকায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক বিভিন্ন মহাপরিচালক ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা।
দুই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে আগেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিছু আসামি কারাগারে থাকলেও বেশিরভাগই এখনো পলাতক।
রিপোর্টার্স২৪/আরকে