রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা- সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।
উপদেষ্টা আরও জানান, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতির মধ্যে ছিল। গত দেড় বছরের চেষ্টায় তা অনেকাংশে উন্নতির দিকে এসেছে।
দেশে চলমান অপরাধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো মন্তব্যের প্রস্তাবিত প্রশ্নে তিনি বলেন, এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। তার যোগ্যতা ও প্রেক্ষাপট জানা নেই, তাই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
ভূমিকম্প সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, অনেক দেশে একটি অ্যাপ আছে, যা কয়েক সেকেন্ড আগে সতর্কতা দেয়। আমাদের দেশেও এর সম্ভাবনা নিয়ে ভাবনা চলছে। তবে আমরা ভূমিকম্প বিশেষজ্ঞ নই। ভবিষ্যতে এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
উপদেষ্টা দেশের সকলের প্রতি বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলাশয় ভরাট করে ভবন নির্মাণের ফলে ঝুঁকি বেড়ে যায়। ভূমিকম্পে নিরাপদ থাকার জন্য খোলা মাঠ প্রয়োজন, যা অনেক এলাকায় নেই। ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে।
রিপোর্টার্স২৪/আরকে