রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি সফরে ঢাকায় আগত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্কের প্রশংসা করেন এবং এটিকে আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনাও হয়েছে।
এ সময় ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি ভুটানের জনগণের বন্ধুত্বের বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনও দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।
রিপোর্টার্স২৪/এসসি