রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়েকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, প্রায় এক ঘণ্টার এই বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া, প্রযুক্তির ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব বলেও মনে করছে কমনওয়েলথ। তবে ইসির প্রস্তুতি দেখে প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের উদ্যোগের প্রশংসা করে কমনওয়েলথ ইসিকে ধন্যবাদ জানায়। পাশাপাশি প্রচার-প্রচারণা জোরদার করে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করে। নারী ভোটারের অংশগ্রহণ বাড়ানো এবং ভোটার তালিকা সংশোধনেও ইসির অগ্রগতির প্রশংসা করেন শার্লি বোচওয়ে। তবে কমনওয়েলথ পর্যবেক্ষক দল পাঠানো বা সংখ্যার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইসি জানায়, সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন- এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হবে। নির্বাচনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে কমনওয়েলথ।
ইসি সচিব আরও জানান, আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। সকাল ও বিকেলে দুই পর্বে অনুষ্ঠিত হবে এ আলোচনা।
রিপোর্টার্স২৪/আরকে