রিপোর্টার্স২৪ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) দুপুর ৩টার পর থেকে তারা এ অবস্থান নেন। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরীক্ষার্থীরা জানান, পূর্বের বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার আগে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত প্রস্তুতির সুযোগ দেওয়া হলেও এবার মাত্র ৫০ দিনের প্রস্তুতি সময় নির্ধারণ করা হয়েছে, যা তাদের মতে ‘অযৌক্তিক ও অবাস্তব’। তারা বলেন, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়া হলে তা পরীক্ষার্থীদের প্রতি ‘অন্যায়’ হবে।
যৌক্তিক সময় বৃদ্ধি করে পরীক্ষার নতুন তারিখ ঘোষণার জন্য পিএসসির প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে ব্লকেডসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচির সময় মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। পরে পরীক্ষার্থীরা সেখানেই বসে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যান।
রিপোর্টার্স২৪/বাবি