স্টাফ রিপোর্টার: ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ কর বছরের রিটার্ন দাখিলের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করদাতারা ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানায়, এ পর্যন্ত অনলাইনে প্রায় ১৮ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর আরও জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করা যাবে।
চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি