স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। শুক্রবার দেশটিকে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এ চিঠি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
আজ রবিবার(২৩ নভেম্বর) মণ্ত্রাণলয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হলে রিপোর্টার্স২৪কে এ তথ্য জানিয়েছেন তিনি।
এর আগে,বৃহস্পতিবার (২০ নভেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
আসিফ নজরুল সেদিন জানান ,মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি।
আইন উপদেষ্টা আরও জানিয়েছিলেন, পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিকটেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি।
দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কি না সে বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/এসসি