রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
রবিবার (২৩ নভেম্বর) খাদ্য অধিদফতরের সভাকক্ষে আমন ২০২৪-২৫ ও বোরো-২০২৫ মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় খাদ্য নিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত আমন ও বোরো মৌসুমে সংগ্রহ লক্ষ্যমাত্রা, চুক্তি, ব্যক্তিগত উদ্যোগ, ব্যবস্থাপনা দক্ষতা, সততা ও সমন্বয়সহ বিভিন্ন মানদণ্ডে উত্তীর্ণ হওয়ায় মাঠপর্যায়ের মোট ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ১ জন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ৫ জন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ১০ জন এবং ব্যবস্থাপক, চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ১৫ জন।
উপদেষ্টা বলেন, ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর দেশের অনেক প্রতিষ্ঠানই ভেঙে পড়েছিল, তবে খাদ্য অধিদফতর ছিল ব্যতিক্রম। এ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব সময় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। চ্যালেঞ্জ কাউকে না কাউকে নিতেই হয়, দেশের জন্য কাজ করাও গৌরবের।
তিনি জানান, আমন মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে, যা ন্যূনতম হলেও অর্জন করতে হবে। ধান-চালের সংগ্রহ মূল্য যৌক্তিকভাবে নির্ধারিত হওয়ায় কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের আগেই সংগ্রহ অভিযান দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়ে খাদ্য উপদেষ্টা আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। জেলা-উপজেলা পর্যায়ের অনেক কর্মকর্তা নির্বাচনি দায়িত্বে থাকবেন। তাই মধ্য ফেব্রুয়ারির আগেই লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহে সচেষ্ট হতে হবে। কোনো কৃষক ধান নিয়ে এলে ফেরত দেওয়া যাবে না, শুধু আদ্রতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। বস্তাবন্দি পঁচা চাল পাওয়া গেলে তা বরদাস্ত করা হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, বিগত বোরো মৌসুমে দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ ধান-চাল সংগ্রহ করা হয়েছে, যা খাদ্য অধিদফতরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার ফল। তিনি চলমান আমন মৌসুমেও একইভাবে সংগ্রহ অভিযান সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং আমন মৌসুমের সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন।
রিপোর্টার্স২৪/বাবি