রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। অভিযুক্ত চারজনের মধ্যে আছেন আলোচিত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হবে বলে জানা গেছে।
এদিন পলাতক দুই আসামির পক্ষেও স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ৫ নভেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর মামলাটি আজকের তারিখে পুনর্নির্ধারণ করা হয়। গত ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। ওই বেঞ্চের অপর সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
চার আসামির মধ্যে দুজন বর্তমানে কারাগারে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং সাবেক মেজর মো. রাফাত বিন আলম। গত ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়, যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পলাতক দুই আসামি হলেন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।
উল্লেখ্য, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সারাদেশে ছড়িয়ে পড়া সহিংসতায় বহু হত্যাকাণ্ড ঘটে। রামপুরায় নিহত হয় ২৮ জন, আহত হয় আরও অনেকে। সেসময় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামকে সরাসরি আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। অন্য অভিযুক্তরাও এই হত্যাযজ্ঞে সক্রিয় নেতৃত্ব দেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত সম্পন্ন হওয়ার পর চারজনের বিরুদ্ধে পৃথক ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন, যার শুনানিই আজ অনুষ্ঠিত হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম