স্টাফ রিপোর্টার: বয়াতি ও পালাকার আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে ‘সাধু-গুরু ভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদ’। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রায় দুই সপ্তাহ আগে একটি পালাগানের পরিবেশনা কেন্দ্র করে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ আবুল সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তার ভক্তরা মানববন্ধন করলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। পরিষদ হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, পালাগান বাংলার শতবর্ষী লোকঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ধারা,যেখানে তর্ক-বিতর্ক, যুক্তি-খণ্ডন ও প্রতীকি চরিত্রাভিনয়ের মধ্য দিয়ে ধর্মীয়, নৈতিক ও মানবিক শিক্ষা প্রচার করা হয়। পালার কাঠামোয় পালাকারদের বিপরীত চরিত্রে অভিনয় দীর্ঘদিনের নন্দনধর্মী রীতি। কিন্তু কিছু ‘অসৎ উদ্দেশ্যসম্পন্ন’ মহল আবুল সরকারের পালার একটি অংশকে বিকৃতভাবে উপস্থাপন করে ধর্ম অবমাননার অভিযোগ তুলেছে, যা বাস্ততার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, সুফি ধারার শিল্পী হিসেবে আবুল সরকারের সৃষ্টিতে আল্লাহ ও রাসূলের প্রশংসাই মুখ্য। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’।
পরিষদ আশঙ্কা প্রকাশ করে জানায়, একটি মহল ঘটনাটি ব্যবহার করে সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের দাবি,আবুল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি;মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা;সামাজিক নৈরাজ্য প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ গ্রহণ; গণঅভ্যুত্থানোত্তর বিভিন্ন মাজার ভাঙচুর ও ভক্তদের ওপর শতাধিক হামলার ঘটনার সঠিক তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য দেন গবেষক ও চিন্তক ফরহাদ মজহার, বাউল মোহাম্মদ রোমেল, আবুল কাশেম, আলেয়া বেগমসহ অনেকে।
রিপোর্টার্স২৪/এসসি