| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনেরও তত ধারা: অ্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৫ ইং | ০৮:৩৫:৩৪:পূর্বাহ্ন  |  ১২৪২২৫৬ বার পঠিত
আকাশের যত তারা, সাংবাদিক নিবর্তনেরও তত ধারা: অ্যাটর্নি জেনারেল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: দেশের সাংবাদিক ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ-নিবর্তনে রাষ্ট্র দীর্ঘদিন ধরে নানা ধরনের আইন প্রয়োগ করে আসছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র বহু পথ খোলা রেখেছে। বলা হয়,আকাশে যত তারা, আইনে তত ধারা। আর সেই ধারার প্রয়োগই সাংবাদিকদের নিবর্তনে ব্যবহৃত হয়।’

সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ সম্মেলনের তৃতীয় দিনের ‘ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ: ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা’ শীর্ষক পর্বে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ব্রিটিশ আমল থেকে পরবর্তী বিভিন্ন সরকার সাংবাদিক নিবর্তনের মানসিকতা পোষণ করেছে। ক্ষমতায় যে-ই থাকুক, তারা কণ্ঠরোধের আইন ব্যবহার করেছে। আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল করে আলোচনা সাপেক্ষে করা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘প্রতারণা’ উল্লেখ করে তিনি বলেন, এর অপপ্রয়োগে সাংবাদিকরা ব্যাপক হয়রানির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, ‘যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, সেই আইন আমরা চাই না। এগুলোর অবসান হতে হবে। যাতে এসব আইন আবার ফিরে না আসে—রাজনৈতিক নেতৃত্বকে সে বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে।’

সাংবাদিক সুরক্ষার জন্য শুধু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করাই যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের সার্বিক মানসিকতা এবং ভয়ভীতিমুক্ত পরিবেশ তৈরি না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুমের ঘটনা ঘটেনি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও কমেছে। গত ১৭ মাসে পুলিশ নিজে বাদী হয়ে কোনো ‘গায়েবি' মামলাও দেয়নি।

পরবর্তী নির্বাচিত সরকার সব ধরনের নিবর্তনমূলক আইন প্রয়োগের পথ থেকে সরে আসবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সংলাপের এই পর্বে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী এবং ট্রায়াল ওয়াচের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার মানেকা খান্না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪