রিপোর্টার্স২৪ ডেস্ক : মেট্রোরেল ব্যবহারকারীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে র্যাপিড পাস ও এমআরটি পাসে অনলাইন রিচার্জ সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর)।
এতে যাত্রীদের আর স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জের ঝক্কি পোহাতে হবে না। মোবাইল বা কম্পিউটার থেকেই সহজে রিচার্জ করা যাবে তাদের যাতায়াত কার্ড। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী জানান, রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে সকাল পৌনে ১১টায় এই ডিজিটাল রিচার্জ প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার সভাপতিত্ব করবেন উদ্বোধনী আয়োজনে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
অনলাইন রিচার্জ সেবার মাধ্যমে মেট্রোরেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায় সূচিত হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম