স্টাফ রিপোর্টার: ছয় দফা দাবি আদায়ে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে শনিবার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করবে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।
সোমবার(২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা। এ সময় সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়ে আসছেন তারা। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও পাঁচবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
তারা অভিযোগ করেন, দাবি বাস্তবায়নে দেরির কারণে ১ অক্টোবর থেকে সারা দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে ইপিআই ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির রিপোর্ট তৈরিসহ সব কার্যক্রম বন্ধ রেখে তারা কর্মবিরতি শুরু করেন। পরিস্থিতি জটিল হলে ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। আলোচনার পর একমাসের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৫ কোটি শিশুকে টিসিভি টিকা প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন স্বাস্থ্য সহকারীরা।
তবে নেতাদের অভিযোগ, প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো চাঁদপুরের দুই স্বাস্থ্য সহকারী আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম ও শাহজালালকে টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদের কারণ দেখিয়ে কুমিল্লায় বদলি করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, দীর্ঘদিন দাবি উত্থাপন করলেই একেক অজুহাতে আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। ‘আমরা কথা রেখেছি, কিন্তু কর্তৃপক্ষ রাখেনি। এবার আমরা অনড়। আশ্বাস নয় বাস্তবায়ন চাই’ বলেন তারা। দুই স্বাস্থ্য সহকর্মীর বদলি প্রত্যাহার ও ছয় দফা দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি হলো:
*নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাধারীদের ১৪তম গ্রেড এবং ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
*পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
*স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা।
*বেতন স্কেল পুনর্নির্ধারণে পূর্বের টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা।
ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।
রিপোর্টার্স২৪/এসসি