রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই এই হামলা হয়েছে বলে জানা গেছে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। পরে আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১২টার দিকে ঢামেকে স্থানান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, পাওনা টাকা নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। পরে প্রতিপক্ষরা আবার বাসার সামনে গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।