রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবন-এ অনুষ্ঠিত সংলাপে দেশের ৪০টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এবং অন্যান্য কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানাউল্লাহ বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।
এই নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বর মাসের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। এর ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা সাবমিট করতে হবে। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোনো পক্ষপাতিত্ব করতে পারবে না পর্যবেক্ষক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিদেশি কেউ দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না। বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের আইন-বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে। ফ্রিল্যান্স পর্যবেক্ষক কেউ হতে পারবে না।
নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন এই তিনদিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করবে ইসি।
রিপোর্টার্স২৪/ঝুম