রিপোর্টার্স২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ স্বচ্ছ লটারির মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয়। শিগগিরই পর্যায়ক্রমে তাঁদের পদায়ন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র জানায়, লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও সেখানে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রতিটি জেলায় নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগই সরকারের লক্ষ্য। পদায়ন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে কারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে। শিগগিরই তাঁদের পদায়নের প্রক্রিয়া শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসপি নির্বাচনের ক্ষেত্রে প্রথমে পূর্বে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। ওই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি–পদায়ন প্রক্রিয়া শুরু হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে হস্তান্তর করা হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় করা নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়েছে; তাঁদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/এসএন