রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক খাতে গভীরতর অংশীদারিত্ব গড়ে তুলতে একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব করেছে পাকিস্তান। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন (পিএনএসসি) ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মধ্যে এই সহযোগিতা কাঠামো স্থাপনের কথা জানানো হয় লন্ডনে এক বৈঠকে।
বাংলাদেশের নৌপরিবহন-বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী প্রস্তাবটি তুলে ধরেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানি দৈনিক ডন-এ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত কাঠামোর মধ্যে যৌথ কনটেইনার ও বাল্ক শিপিং সেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা ও পরিবহন উন্নয়ন, পারস্পরিক বন্দর-কল সুবিধা এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদারের কথা উল্লেখ করা হয়েছে। এতে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক একীকরণের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছে পাকিস্তান।
মন্ত্রী জুনাইদ আনোয়ার জানান, আঞ্চলিক বন্দর-থেকে-বন্দর সহযোগিতা বাড়লে সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ কমবে, বাণিজ্য প্রবাহ বাড়বে ও আঞ্চলিক প্রতিবন্ধকতা হ্রাস পাবে। আইএমও, আইএলওসহ আন্তর্জাতিক সংস্থার প্ল্যাটফর্মেও বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা গভীর করার আগ্রহের কথা উল্লেখ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষই ‘পাকিস্তান-বাংলাদেশ মেরিটাইম ডায়ালগ’ শুরুর বিষয়ে মতৈক্য প্রকাশ করে। পাশাপাশি বন্দর উন্নয়ন, নৌপরিবহন খাত, সুনীল অর্থনীতি, মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং উদীয়মান সামুদ্রিক ইস্যুতে নিয়মিত আলোচনার জন্য একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত হয়।
রিপোর্টার্স২৪/আরকে