রিপোর্টার্স২৪ ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের সঙ্গে শাহবাগে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার পর থেকে রাত পর্যন্ত থেমে থেমে উত্তেজনা চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাগ থানার সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নিয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করেন প্রার্থীরা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
প্রার্থীদের অভিযোগ, আগে বিসিএসের লিখিত প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় পাওয়া যেত। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে মাত্র দুই মাসেরও কম, যা অযৌক্তিক ও অবাস্তব বলে দাবি তাদের। তারা পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে অনড়।
অন্যদিকে, সারাদেশে অবরোধ-বিক্ষোভের মধ্যেও সিদ্ধান্তে অটল রয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।
পিএসসির প্রকাশিত রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) এবং চলবে ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এই আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট কিছু পরীক্ষা শুধু ঢাকায় নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/আরকে