এ এইচ সবুজ: ‘ও ভাই আমার সব পুইড়া শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই’। আমি সাত বছর ধরে এই বস্তিতে আছি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের পর কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন বস্তির বাসিন্দা লাভলী বেগম।
তিনি আরও বলেন, অনেক কষ্টে তিল তিল করে জিনিসপত্র কিনেছিলাম। ঘরে টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র কিনেছিলাম। মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হয়। এ আগুন আমার সব শেষ করে দিল। আমি একদম নিঃস্ব হয়ে গেছি।
এছাড়াও কড়াইল বস্তির আরেক বাসিন্দা গার্মেন্টসকর্মী নাসিমা বেগম জানান, বোনের ফোনে খবর পেয়ে দ্রুত বস্তিতে ছুটে আসেন ঘটনাস্থলে। ‘শুনেছি আমার ঘর পুড়ে গেছে, সব জিনিস শেষ হয়ে গেছে। এখন কিভাবে কি করবো, বুঝতে পারছি না।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লাভলী ও নাসিমার মতো হাজার হাজার মানুষের জিনিসপত্র ও কষ্টে গড়া শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে।
রিপোর্টার্স২৪/আরকে