| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ ঘন্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৭:২৪:৫০:অপরাহ্ন  |  ১২০৯১৭৩ বার পঠিত
৫ ঘন্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র রিপোর্টার: রাজধানীর মহাখালী কড়াইল বস্তির আগুন ৫ ঘণ্টা পর  নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম  বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। 

এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস পৌঁছাতে সক্ষম হয়। এ কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাস্তায় ছিল যানজটে আটকা।

ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছালেও কিছু সময় পর শেষ হতে থাকে গাড়িতে থাকা পানি। পরে বিকল্প পানির উৎস খুঁজে পান ফায়ার ফাইটাররা। বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পানির পাইপ টেনে নিয়ে যাওয়া হয় আগুনের উৎপত্তি স্থলে।

জানা যায়, আগুন লাগার সময় বস্তিতে মানুষ ছিল কম। বস্তির কর্মজীবী মানুষ ছিল সবাই বাইরে। আগুনের খবর পেয়ে অনেকেই ছুটে আসেন বস্তিতে। যে যেভাবে পেরেছেন ঘরের সম্বলটুকু বের করে এনেছেন। আবার কেউ কেউ ঘরেই যেতে পারেননি আগুনের তীব্রতার কারণে।

সিরাজ আলী প্রায় ১০ বছর ধরে থাকেন কড়াইল বস্তিতে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মীর কাজ করেন। তার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করেন। আর বড় ছেলেটা লেগুনা চালায়, ছোট মেয়েটি স্কুলে পড়ে। আগুন লাগার সময় সিরাজের সাত বছর বয়সী মেয়ে ঘরে ছিল। মেয়েটি বাইরে বের হতে পারলেও সিরাজের ঘরে থাকা কোনো জিনিস বের করতে পারেননি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটাররা জানান, বস্তির রাস্তা অনেক সরু- এ কারণে প্রথমে গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। এরপর গাড়ি প্রবেশ করলেও ছিল পানি স্বল্পতা। বিকল্প হিসেবে খাল থেকে পানি তুলে আগুনে ব্যবহার করা হচ্ছে। পুরোবস্তিজুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দ্রুত সময়ের মধ্যে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের আশার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। রাতে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রথমে ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছিল। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিট বাড়িয়ে ১৯টি করা হয়েছে। 

তিনি জানান, আগুনের শিখার তীব্রতা কমেছে এবং বেশ কয়েকটি অংশে আগুন সীমিত করা সম্ভব হয়েছে। আগুন তিন দিক থেকে সীমিত করা গেছে। বাকি থাকা একটি দিক নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪