রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেছেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রথমে রাজধানীর ভয়াবহ যানজটের কারণে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৫টি ইউনিট যোগ করলে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পানির স্বল্পতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় আরও ৩টি ইউনিট যোগ করা হয়। শেষ পর্যন্ত মোট ১৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম চালায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি