| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫০০ ঘর পুড়ে ছাই, হতাহতের খবর নেই: ফায়ার সার্ভিস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ২৩:০৫:৪৪:অপরাহ্ন  |  ১২১৮০৩১ বার পঠিত
ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫০০ ঘর পুড়ে ছাই, হতাহতের খবর নেই: ফায়ার সার্ভিস

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫০০ ঘর-বাড়ি পুড়ে গেছে। পাঁচ ঘণ্টার বেশি সময়ের প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি স্টেশনের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে তীব্র যানজটের কারণে সেখানে পৌঁছাতে ৩৫ মিনিট সময় লাগে। সরু রাস্তার কারণে বড় গাড়িগুলো ভেতরে ঢুকতে না পারায় দূর থেকে পাইপ টেনে অগ্নিনির্বাপণে অংশ নিতে হয়। আগুন দ্রুত ‘ডেভলপমেন্ট স্টেজ’-এ পৌঁছে যাওয়ায় নিয়ন্ত্রণ নিতে সময় লেগেছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, কড়াইল বস্তিতে যত্রতত্র বিদ্যুতের তার এবং প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত শেষে জানানো হবে।

তিনি জানান, পানি সংকটের কোনো সমস্যা ছিল না। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ছাড়াও ওয়াসা ও ড্রেনের পানি ব্যবহার করা হয়েছে।

প্রতি বছর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, নিয়মিত মহড়া হওয়ায় পরিস্থিতির ঝুঁকিপূর্ণ দিকগুলো চিহ্নিত ছিল। সম্প্রতি অনুষ্ঠিত মহড়ার অভিজ্ঞতাই এবার আগুন দ্রুত নিয়ন্ত্রণে সাহায্য করেছে। নাহলে আরও দুই তিন ঘণ্টা সময় লাগতে পারত।

হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর দাবি প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার বাতাস সৃষ্টি করে আগুন আরও ছড়িয়ে দিতে পারে। তাই এখানে হেলিকপ্টার দিয়ে নেভানোর মতো পরিস্থিতি ছিল না।

এর আগে আগুন লাগার পরপরই ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। আগুন নেভাতে স্থানীয়রাও সহায়তা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪