| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল ১৫শ ঘর, নিঃস্ব হাজারো মানুষ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৩:২৮:৪৮:পূর্বাহ্ন  |  ১২০৮৭০৭ বার পঠিত
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল ১৫শ ঘর, নিঃস্ব হাজারো মানুষ
ছবির ক্যাপশন: কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল ১৫শ ঘর, নিঃস্ব হাজারো মানুষ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর অন্যতম বৃহৎ ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তিতে ভয়ংকর অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায় প্রায় দেড় হাজার ঘরবাড়ি। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয় বস্তিবাসীর। আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী ও মানুষের কান্নার রোল।

সন্ধ্যার পরপরই আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠায় কিছু সময়ের ব্যবধানে আরও ৯টি ইউনিট যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টার টানা চেষ্টা শেষে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সরু গলিপথ, একে-অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করা ঘরবাড়ি এবং আশেপাশের মানুষের ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যদের। পাশাপাশি ভয়াবহ পানি সংকটও আগুন নেভানোর কাজে বড় বাধা হয়ে দাঁড়ায়।

অগ্নিকাণ্ডে হতাহতের খবর না পাওয়া গেলেও চোখের সামনে ঘরবাড়ি পুড়ে যেতে দেখে অসহায় বস্তিবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আগুনে সব হারানো এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সাত বছর ধরে কিস্তিতে কিস্তিতে গড়ে তোলা সংসারটা মুহূর্তে শেষ হয়ে গেল। এখন কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না।

আগুনের সূত্রপাত কীভাবে হলো তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতারাতি নিঃস্ব হয়ে পড়া হাজারো মানুষের জীবন আবার নতুন করে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪