রিপোর্টার্স২৪ ডেস্ক: জধানী ঢাকার বায়ুদূষণ আবারও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। গত কয়েকদিন তুলনামূলক ভালো থাকা বায়ুমান ফের দ্রুত অবনতির দিকে ধাবিত হচ্ছে শুষ্ক মৌসুমের আগমন ও বৃষ্টির অনুপস্থিতিতে। তার সঙ্গে যোগ হয়েছে যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শহরের চারপাশে ছড়িয়ে থাকা ইটভাটার বিষাক্ত ধোঁয়া সব মিলিয়ে দূষণে দম বন্ধ হয়ে আসছে রাজধানীবাসীর জীবন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, ২৩১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’শ্রেণিভুক্ত যা স্বাভাবিকভাবে শ্বাস নিতে ঝুঁকি তৈরি করে।
একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ২৭৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইরাকের বাগদাদ শহরের স্কোর ২৬১। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে বাংলাদেশের ঢাকা, চতুর্থ স্থানে ভারতের কলকাতা (২২১ স্কোর), এবং পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোর।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের ঘর থেকে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরের কর্মকাণ্ড সীমিত রাখার তাগিদ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’যা মানুষের শরীরে তাত্ক্ষণিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন সময় নানা উদ্যোগের ঘোষণা থাকলেও বাস্তবায়নের ঘাটতি এবং নগরায়ণের চাপের কারণে ঢাকার বায়ুমান বারবার উদ্বেগজনক মাত্রায় পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে শীত মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম