জ্যেষ্ঠ প্রতিবেদক : ২০২৪ সালের জুলাই–আগস্টে আন্দোলনের সময় ‘গণহত্যার বিচার’ করার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল–১-এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। তবে এ বিষয়ে চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানির জন্য আগামী রোববার (৩০ নভেম্বর) দিন ধার্য করা হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।
ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অতিথি হিসেবে যান জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ওই অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল।
ফজলুর রহমানের আর কোনো পরিচয় আছে কি না জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর তামিম জানান, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী। একইসঙ্গে জুলাই বিপ্লব নিয়ে আগেও বিরূপ মন্তব্য করার কারণে তাঁর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়। পরে কোন আইনে তিনি অবমাননা করেছেন, তা আদালতে পড়েন প্রসিকিউটর তামিম।
এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ওই টকশোতে ট্রাইব্যুনাল নিয়ে ফজলুর রহমানের মন্তব্যগুলো বাজিয়ে শোনানো হয়। পরে বাকি শুনানির জন্য নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
পরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা আদালত অবমাননার একটি অভিযোগ এনেছি। তিনি বলেছেন যে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানেন না, যা তিনি শুরু থেকেই বলে আসছেন বলে ওই টকশোতে জানান। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না—এমন মন্তব্যও করেছেন তিনি। একইসঙ্গে বর্তমান ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ অবজ্ঞা ও অবহেলা করেছেন। এছাড়া প্রসিকিউশন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর এসব মন্তব্য একটি বিচারালয়ের প্রতি স্পষ্ট অবমাননা।
রিপোর্টার্স২৪/এসএন