সিনিয়র রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনাকে ফেরাতে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই চিঠির জবাব এখনো বাংলাদেশকে দেয়নি ভারত।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, “নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের (ভারতের) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশা করি না আমরা।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো দেশের পক্ষ থেকে এমন কোনো চাপ নেই।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারত যদি পর্যবেক্ষক পাঠাতে চায়, তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, “ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।”
রিপোর্টার্স২৪/এসএন