রিপোর্টার্স২৪ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্যাতনের অভিযোগ তোলা এক নারীকে চেনেন না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আলী রীয়াজকে জড়িয়ে ওই নারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ভিডিও প্রচার করছেন, যা তার চরিত্রহননের অপচেষ্টা। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয় বিবেচনা করবে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব শেষে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া আলী রীয়াজের বিরুদ্ধে মঙ্গলবার থেকে অতন্দ্রানু রিপা নামের এক নারী অভিযোগ ছড়াতে শুরু করেছেন বলে দফতরের বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আলী রীয়াজকে উদ্ধৃত করে বলা হয়, অভিযোগকারী নারীকে তিনি মোটেও চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি সংশ্লিষ্টদের এসব ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়ে বলেছেন, তা না হলে মানহানিকর ও চরিত্রহননমূলক অপতৎপরতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি