| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন সুষ্ঠু রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয়: ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৯:৪৫:২৮:পূর্বাহ্ন  |  ১২০৩৭৫৯ বার পঠিত
নির্বাচন সুষ্ঠু রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয়: ইসি সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ভোটকেন্দ্র ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ভাগে দায়িত্ব বণ্টন করা হবে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ ইউনিট। শুরু থেকেই আচরণবিধি কঠোরভাবে মানতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছে কমিশন। এর কোনো ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত।

ভোটকে ঘিরে অপতথ্য রোধ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে বলেও জানান ইসি সচিব। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে চিহ্নিত হয়েছে, আর যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি সেগুলো দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের ওপর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিক দল বা প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না। এ নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া ভাবে জানানো হয়েছে। বৈঠকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান ইসি সচিব। তবে সেনাবাহিনী মাঠে কতদিন থাকবে এবং কোন কাঠামোয় দায়িত্ব পালন করবে। এসব বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত তিন ঘণ্টাব্যাপী এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিএমপি কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, র‍্যাব, আনসার-ভিডিপি, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই এবং স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধিরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪