রিপোর্টার্স২৪ডেস্ক: নিয়ম না মেনে গণপূর্ত অধিদপ্তরের তিন সহকারী প্রকৌশলীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) অথরাইজড অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানটিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগ, এ পদে নিয়োগের জন্য যে যোগ্যতা প্রয়োজন, তা তাঁদের কারও নেই।
রাজউকের কর্মকর্তারা জানান, অথরাইজড অফিসার পদে দায়িত্ব পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পূর্ণাঙ্গ নির্বাহী প্রকৌশলী ও পঞ্চম গ্রেডের কর্মকর্তা হতে হয়। অথচ যাদের পদায়ন করা হয়েছে, তারা সবাই ষষ্ঠ গ্রেডের সহকারী প্রকৌশলী। এছাড়া রাজউকে বিদ্যমান ১১ জন অথরাইজড অফিসারকে কার্যত নিষ্ক্রিয় রেখে বহিরাগতদের প্রেষণে নিয়োগ দেওয়াও প্রশ্নের জন্ম দিয়েছে।
গত বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এক আদেশে রকিবুল হাসান, মেহেদী রায়হান নাদিম ও হাসানুর রেজা এই তিন সহকারী প্রকৌশলীকে রাজউকে পদায়ন করা হয়। তিনজনই গণপূর্তের ঢাকা সার্কেলে দায়িত্বে ছিলেন।
রাজউকের নিয়োগ বিধিমালার ১৫ ধারায় স্পষ্টভাবে বলা আছে, মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর থেকে অথরাইজড অফিসার নিয়োগ দিতে হলে তাঁকে নির্বাহী প্রকৌশলী (পুর) অথবা সহকারী প্রধান স্থপতি, উপস্থপতি বা উপনগর পরিকল্পনাবিদ হতে হবে। এর নিচের পদমর্যাদার কেউ এ দায়িত্ব পালনের যোগ্য নন।
রাজউকের এক কর্মকর্তা জানান, ২০১৯ সালেও গণপূর্তের দুই সহকারী প্রকৌশলীকে একইভাবে এ পদে নিয়োগের চেষ্টা হয়েছিল। প্রয়োজনীয় যোগ্যতা না থাকায় তাঁরা যোগদান করতে পারেননি। পরে মন্ত্রণালয় আদেশটি বাতিল করে। এবার আবার একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে।
উপসচিব তাসমিন ফারহানার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পদায়িত তিনজন গণপূর্তে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে বড় ধরনের নিয়মভঙ্গ হয়েছে বলা যাবে না। পাশাপাশি তাঁরা সহকারী প্রকৌশলী হিসেবেই বেতন সুবিধা পাবেন।
এ বিষয়ে রাজউকের বোর্ড সদস্য (প্রশাসন) গিয়াস উদ্দিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। আর রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন। বিষয়টি সম্পর্কে অবগত নন। রোববার অফিসে যোগ দেওয়ার পর আদেশ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি