রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ব্র্যাক ফেরত আসা কর্মীদের জন্য পরিবহন ও জরুরি সেবা নিশ্চিত করে। ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর, এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, ৩৯ জনের মধ্যে ৩৪ জন ব্রাজিল গিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, আর তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে পৌঁছান। তাদের সকলের আবেদন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাতিল হওয়ায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, বৈধভাবে ব্রাজিলে কর্মী পাঠানোর অনুমতি থাকলেও তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এটি সরকারের বা এজেন্সির সতর্কতার অভাব প্রকাশ করে। ৩০–৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফেরত আসা কর্মীদের জন্য দায়ভার থাকা উচিত।
উল্লেখ্য, ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে। মার্কিন আইন অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়।
রিপোর্টার্স২৪/ঝুম