| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী সাংবাদিকদের জন্য মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে ডিআরইউ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৮:১৫:২৯:পূর্বাহ্ন  |  ১১৮২৩০৭ বার পঠিত
নারী সাংবাদিকদের জন্য মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে ডিআরইউ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নারী সাংবাদিকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পাথওয়ে ড্রাইভিং স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

প্রথম দফায় প্রায় ৪০ জন নারী সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পরবর্তীতে ডিআরইউ’র পুরুষ সদস্যদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। ডিআরইউ ও বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। মাসব্যাপী চলবে এ কর্মসূচি।

অনুষ্ঠানে নীলিমা আখতার বলেন, “দক্ষতা উন্নয়নমূলক যেকোনো প্রশিক্ষণ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখা জরুরি। ডিআরইউ’র এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”

প্রধান উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “নারীদের উৎসাহিত করার মতো উদ্যোগ খুব একটা দেখা যায় না। ডিআরইউ’র এই পদক্ষেপ নারীদের ড্রাইভিং পেশায় আগ্রহী করবে এবং ইতিবাচক প্রভাব ফেলবে।”

পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ডে ডিআরইউ’র সঙ্গে কাজ করা আমাদের ধারাবাহিক প্রচেষ্টা। নারী সাংবাদিকদের পাশাপাশি ভবিষ্যতে পুরুষ সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।”

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখন দৃশ্যমান অগ্রগতি অর্জন করছেন। ড্রাইভিং প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে।”

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এই প্রশিক্ষণ নারী সদস্যদের আত্মনির্ভরশীল করবে এবং মানসিক দৃঢ়তা বাড়াবে। গবেষণায় দেখা গেছে, নারী চালকেরা দুর্ঘটনার ঝুঁকি কমান। এ ধরনের কর্মসূচি সাংবাদিকদের জন্য অব্যাহত থাকবে।”

নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী বলেন, “নারী সদস্যদের জন্য এই ড্রাইভিং প্রশিক্ষণ শুধু একটি কোর্স নয়-এটি তাদের স্বাধীনতা, আত্মবিশ্বাস ও পেশাগত সক্ষমতা বাড়ানোর বাস্তব পদক্ষেপ। দক্ষ হয়ে ওঠা নারী সদস্যরা ভবিষ্যতে অন্যদেরও অনুপ্রেরণা দেবেন।”

অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং ডিআরইউ স্মরণিকা প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪