রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অবসরের আগে তিনি বিচারকদের উদ্দেশে আগামী ১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ দেবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির বয়সসীমা ৬৭ বছর। সে বয়স পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরের আগে বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার শেষ ভাষণ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের বিভিন্ন জেলা আদালতের উচ্চ পদমর্যাদার বিচারকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে তাকে গত বছরের ১০ আগস্ট নিয়োগ দেওয়া হয় এবং ১১ আগস্ট তিনি শপথ নেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি বিচার বিভাগের সংস্কার ও উন্নয়নে একটি রোডম্যাপ ঘোষণা করেছিলেন। গত দেড় বছরে সেই পরিকল্পনার আওতায় নেওয়া পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েই তিনি বিদায়ী বক্তব্যে আলোচনা করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিউজটি সংবাদপত্রের উপোযোগী করে সম্পাদনা করুন
রিপোর্টার্স২৪/এসসি