জামালপুর প্রতিনিধি: জামালপুর কারাগারে হযরত আলী (২৫) নামে এক বন্দিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হযরত আলী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার টেংরি বাড়ি গ্রামের ইমাম হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। আলীর বাবা জানিয়েছেন, প্রায় মাস খানেক আগে তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জামালপুর কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কারারক্ষীরা প্রথমে জানিয়েছেন, তার মাথায় আঘাত লেগেছে এবং তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গেলে কারা কর্মকর্তারা জানিয়েছেন, তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কারাগারের ভেতরে ফ্যান ছাড়া একটি কক্ষে হযরত আলীর সঙ্গে অন্য এক বন্দির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুই-তিনজন বন্দি মিলিত হয়ে দরজার চৌকাঠ ব্যবহার করে তার মাথা ও শরীর পিটিয়ে আহত করে।
আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারকে অবগত করে রাত সোয়া ৯টার দিকে ঢাকায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় হযরত আলীর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এবং কারারক্ষী আরমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা