স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে ১৮৮ জন দেশে ফিরে আসার পর, বাকি ২৪ জন শিগগিরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে চালানো প্রচেষ্টা সফল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে আটকে থাকা বাকি ২৪ জন প্রবাসী শীঘ্রই মুক্তি পাচ্ছেন, লিখেছেন তিনি।
এছাড়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আরব আমিরাতে বাংলাদেশের দূতাবাসকে ধন্যবাদ জানান অধ্যাপক আসিফ নজরুল। এর আগে, প্রথম দফায় আটক ১৮৮ প্রবাসীকে গত বছরের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে প্রথম দফায় আটক ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে গত বছরের ২৮ আগস্ট দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে সাজা মওকুফের আবেদন করেন। এতে সাড়া দিয়ে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করেন।
দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কাজ করছে। ইতমধ্যে ১৮৬ জন কর্মীকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি