| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ১৭৫ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৩৯:৫৯:পূর্বাহ্ন  |  ১২০২৯৩৮ বার পঠিত
লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ১৭৫ বাংলাদেশি
ছবির ক্যাপশন: লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ১৭৫ বাংলাদেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক: লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ১৭৫ বাংলাদেশি। আগামী সোমবার (১ ডিসেম্বর) তারা দেশে পৌঁছবেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে তাদের ফেরত আনার দায়িত্বে রয়েছে।

লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৬ নভেম্বর ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম)ও এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং আশ্বস্ত করেন যে, দূতাবাস দ্রুত সময়ে সবাইকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।

রাষ্ট্রদূত বলেন, অনেক অভিবাসী অবৈধ পথে বিদেশে গিয়ে মানবপাচারকারীর হাতে বিপদে পড়ে। আপনারা ভাগ্যবান যে আল্লাহর রহমতে জীবিত উদ্ধার হয়েছেন।”

পরিদর্শনে উপস্থিত বাংলাদেশিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া রাষ্ট্রদূত তাদের দেশে ফেরার পর অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত তাজুরা ডিটেনশন সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠককালে সাগর থেকে বাংলাদেশি নাগরিকদের উদ্ধার ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আইওএম-এর সহায়তায় পর্যায়ক্রমে লিবিয়ায় আটক সব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে চলবে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪